রাকেশ বসুর চাওয়া পাওয়া’য় নাফিস, জেবিন, রাব্বি
![]() |
| রাকেশ বসুর চাওয়া পাওয়া’য় নাফিস, জেবিন, রাব্বি |
রাকেশ বসুর চাওয়া পাওয়া’য় নাফিস, জেবিন, রাব্বি
বিনোদন রিপোর্টার: সম্প্রতি নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’র সম্প্রচার শুরু হয়েছে। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।
প্রচারে আসার পরপরই নাটকটি দর্শকপ্রিয়তা পেতে শুরু করেছে। কারণ ‘চাওয়া-পাওয়া’র প্রতিটি পর্ব ধীরে ধীরে এমন একটি গল্পের জগৎ তৈরি করেছে, যেখানে মানুষের স্বপ্ন, সম্পর্ক, পরিবার, সামাজিক বাস্তবতা ও না-পাওয়ার বেদনা একে অন্যের সঙ্গে মিশে গেছে।
এই নাটকে আরো উঠে এসেছে, বাল্যবিয়ে, যৌতুক, নারীর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, পারিবারিক প্রত্যাশা, সম্পর্কের টানাপোড়েন কিংবা প্রিয় মানুষের জন্য অপেক্ষা—এসব বিষয়কে আলাদা করে বক্তব্য হিসেবে না এনে গল্পের স্বাভাবিক প্রবাহের মধ্যেই তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরিবারের ছোট ছোট ঘটনা, মান-অভিমান, স্বপ্ন ও হতাশাগুলো গল্পে জায়গা পেয়েছে।
‘চাওয়া-পাওয়া’ তাই শুধু একটি নির্দিষ্ট সমস্যাকে কেন্দ্র করে আটকে থাকেনি; বরং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ পারিবারিক সামাজিক ড্রামার রূপ নিচ্ছে।
রাকেশ বসুর নির্মাণশৈলীও এখানে আলাদা করে প্রশংসার দাবি রাখে। তাছাড়া নাফিস আহমেদ, শিরতাজ জাহান জেবিন ও মীর রাব্বির অভিনয় এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ডলি জহুর, অদিতি জামান স্নেহা, তুষার খান প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে বেসরকারি টেলিভিশন এনটিভিতে।
ঢাকা রিপোর্টার/ধ্রুব
