জায়েদ খান বললেন ‘পাশে দাড়িয়েছি’, ‘প্রতারক’ বললেন রিফাত চৌধুরী
![]() |
| জায়েদ খান বললেন ‘পাশে দাড়িয়েছি’, ‘প্রতারক’ বললেন রিফাত চৌধুরী |
জায়েদ খান বললেন ‘পাশে দাড়িয়েছি’, ‘প্রতারক’ বললেন রিফাত চৌধুরী
ঢালিউড রিপোর্টার: দেশের আলোচিত অভিনেতা ও কবি রিফাত চৌধুরী কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপরই তার আর্থিক কষ্টে থাকার বিষয়টি সামনে উঠে এসেছে। এতে সামাজিক মাধ্যম থেকে মিডিয়াপাড়া-সব মাধ্যমেই চর্চিত হচ্ছে অভিনয় শিল্পীদের অসহায়ত্বের কথা। এমন সময় বর্তমানে আমেরিকায় থাকা অভিনেতা জায়েদ খান দাবি করেন, তিনি রিফাত চৌধুরীকে সাধ্যমতো সহযোগীতা করেছেন।
কবি রিফাত চৌধুরীরর পাশে দাঁড়ানোর কথা জানিয়ে জায়েদ খান বলেছিলেন, ‘শিল্পীর পাশে শিল্পী থাকবে এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের সুস্থতা কামনা করছি।’
তবে জায়েদ খানের এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন রিফাত চৌধুরী। তিনি দাবি করেছেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহায়তা করেননি। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনাও করেছেন তিনি।
রিফাত চৌধুরী ঢাকা রিপোর্টারকে বলেন, ‘আমার মনে হয় জায়েদ খান একধরনের অসৎ, প্রতারক, অসম্ভব বাজে একটা লোক। তিনি আমাকে যে সহায়তা করেছেন, এটা ভোগাস। তিনি আমাকে সহায়তা করেছেন-এ ধরনের খবর সত্য নয়।’
এ ধরনের খবর কীভাবে বা কারা প্রকাশ করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রিফাত। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপর ইতোমধ্যেই টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ অভিনেতার পাশে দাঁড়িয়েছে। সংগঠন থেকে করা হয়েছে আর্থিক সহায়তাও।
ঢাকা রিপোর্টার/দেবযানী
