সুইমিংপুলে মামুনুর রশীদের সঙ্গে কে এই তরুণী?
![]() |
| সুইমিংপুলে মামুনুর রশীদের সঙ্গে কে এই তরুণী? |
সুইমিংপুলে মামুনুর রশীদের সঙ্গে কে এই তরুণী?
ঢালিউড রিপোর্টার: সম্প্রতি সামাজিক মাধ্যমে নাট্যকার মামুনুর রশীদের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, সুইমিংপুলের নীল পানিতে পা ডুবিয়ে সময় কাটাচ্ছেন বর্ষীয়ান এই অভিনেতা। সঙ্গে তার চেয়ে বয়সে অনেক ছোট এক তরুণী। এক ছবিতে মামুনুর রশীদকে জড়িয়ে ধরে আছেন, আবার অন্য একটিতে সুইমিংপুলের জলে গা ভিজিয়ে বর্ষীয়ান অভিনেতার হাটুতে হাত রেখে তাকিয়ে আছেন ক্যামেরায়।
ছবিগুলো প্রথম দেখায় অনেকের কাছেই তৈরি করতে পারে ভিন্নর ধারণা— মনে হতে পারে, তারা যেন অসম বয়সী কোনো প্রেমিক জুটি। তেমনি সামাজিক মাধ্যমেও তৈরি হয়েছে নানান প্রশ্ন। নাট্যকার মামুনুর রশীদের সঙ্গে কে এই তরুণী? অথবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা?—এমন অসংখ্য প্রশ্ন নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
ভাইরাল ছবিগুলোর ব্যপারে খোঁজ নিয়ে জানা যায়, ছবিগুলোর সঙ্গে বাস্তব জীবনের কোনো যোগসূত্র নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, এমনকি বিয়েও করেননি তিনি। আর তার সঙ্গে থাকা তরুণীটি হলেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা। মূলত একটি নাটকের দৃশ্য ধারণের সময় তোলা হয় এই ছবিগুলো। পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। এটি একটি ধারাবাহিক নাটক। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা।
নাটকের গল্পে দেখা যাবে, নিজের চেয়ে অনেক কম বয়সি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুনুর রশীদ। একপর্যায়ে পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই তরুণী তার হাত ধরে বাড়ি ছাড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কনটেন্ট তৈরি করতে শুরু করেন তারা। তাদের এমন কর্মকাণ্ডে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিরক্তিও বাড়তে থাকে।
আল আমিন স্বপনের লেখা গল্পে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সাজিন আহমেদ বাবু। ছবিটি নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে তিনি বলেন, মামুন ভাইয়ের সঙ্গে প্রিসিলার সুইমিংপুলের ছবিটি আমার পরিচালিত নাটকটিরই একটি দৃশ্য। বেশ কয়েক দিন ধরে দেখলাম, ছবিটি নিয়ে নেতিবাচক চর্চা হচ্ছে। অনেকে ছবিটির নেপথ্যের রহস্য না জেনেই নানা মন্তব্য করছেন।
মামুনুর রশীদ ঢাকা রিপোর্টারকে বলেন, অন্যরকম একটি গল্পে তৈরি হয়েছে নাটকটি। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। অনেক দিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও তারা উপভোগ করবেন।
‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ আ সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।
ঢাকা রিপোর্টার/ধ্রুব
